রাজশাহীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এই ফলক উন্মোচন করে জানান, এটিই দেশে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল।
এ সময় মেয়র আরও বলেন, আশা করছি আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উৎসব শুরু হবে।
আরও পড়ুন: যাত্রীবেশে বাসে ডাকাতি, এক ডাকাত আটক
রাসিকের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, এ স্থানটি হবে রাজশাহীর অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। বঙ্গবন্ধুর এ ম্যুরাল নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হবে।
ইত্তেফাক/অনি
