নিষিদ্ধ পণ্য

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

রেজাউদ্দিন স্টালিন

 

বাংলাদেশে বরফ নেই

আগুন নাকি আছে,

কিনতে গেলাম সন্ধ্যেবেলা

দোকানিদের কাছে।

 

শপিংমলে পণ্য অনেক

আগুন কোথায় পাই,

র্যাকগুলো খুব চমকে ওঠে—

না না ওসব নাই।

 

আগুন সে তো অদৃশ্য নীল

বিক্রি কেন হবে,

আতশবাজি কিনতে পারেন

বিবাহ উত্সবে।

 

ভুল শুনেছেন বরফ আছে

মৃত মাছের চোখে,

বলল তরুণ ফিসফিসিয়ে

চুমুক দিয়ে কোকে।

 

এক দোকানি ভীষণ চালাক—

আপনি কি ভাই কানা,

আগুন আছে বুকের মধ্যে

বিক্রি করতে মানা।