‘পারফরমার সাকিবকেই বেশি দরকার’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব আর উপভোগ করছেন না সাকিব আল হাসান। গণমাধ্যমে কয়েকবারই বিষয়টি স্পষ্ট করে বলেছেন তিনি। যদিও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে নিজের মনের কথা জানাননি এই বাঁ-হাতি অলরাউন্ডার। গত সপ্তাহে বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবের মুখ থেকেই নেতৃত্বে অনীহার বিষয়টি শোনার অপেক্ষায় আছে বিসিবি। সাকিব প্রসঙ্গটি তুললে আলোচনা করবে বিসিবি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, উপভোগ না করলে নেতৃত্বে সাকিবের বিকল্প খোঁজা উচিত। তার মতে, অধিনায়কের চেয়ে পারফরমার সাকিবকেই বেশি দরকার বাংলাদেশ দলের।

গতকাল রাজধানীতে বিপিএলের দল ঢাকা ডায়নামাইটস আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিবের অধিনায়কত্বে অনীহার প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এমন একজন সেরা পারফরমার এবং সুপার ক্রিকেট মস্তিষ্ক যদি অধিনায়কত্বটা উপভোগ না করে, তাহলে অবধারিতভাবে তার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হবে। আমার তো মনে হয়, অধিনায়ক সাকিবের চেয়ে পারফরমার সাকিবের বেশি দরকার বাংলাদেশের। কাজেই সাকিব অধিনায়কত্বটা উপভোগ না করলে বিকল্প খোঁজা যেতেই পারে।’

যদিও অধিনায়ক হিসেবে সাকিব অনেক ওপরে রাখতে চান সুজন। সন্দেহাতীতভাবে বাংলাদেশের ইতিহাসের সেরা পারফরমার তিনি। সাকিবের প্রশংসায় গতকাল সুজন বলেছেন, ‘সাকিব মাঠের ভেতর খুব ভালো অধিনায়ক। তার মাথা যে কারো চেয়ে ভালো। আকারে ইঙ্গিতে অনেকে মাশরাফির চেয়েও ভালো বলেন। কোনো যুক্তিতর্ক ছাড়াই পারফরমার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা। তার চেয়ে ভালো আছে বলে আমার জানা নেই।’

বাংলাদেশ দলে মানসম্পন্ন ক্রিকেটারের বেশি প্রয়োজন বলে মনে করেন সুজন। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বিসিবির এই পরিচালক বলেছেন, ‘সাকিব-মুশফিক যখন অধিনায়ক হয়েছিল তখন তাদের বয়স ছিল কত? ২২-২৪ বছর। এখন ওই বয়সের কাউকে অধিনায়ক করলে ক্ষতি কী? আমার মনে হয় না বাংলাদেশ দলে অধিনায়কত্বটা খুব বেশি গুরুত্ব বহন করে। আমরা এখনো এমন দল হইনি যে অধিনায়কই একা টেনে নিয়ে যাবে। বরং আমাদের দরকার মান সম্পন্ন ভালো খেলোয়াড়।’

মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজের মতো তরুণদের অধিনায়ক করলে কোনো সমস্যা দেখছেন না সুজন। তিনি বলেছেন, ‘তরুণ কেউ অধিনায়ক হতে পারে তাহলে তো সমস্যা নেই। আমরা তো দিইনি এখনো। তরুণ কাউকে দিয়ে দেখি কী হয়? সাকিব যদি থাকতে না চায়, তাহলে তরুণ কাউকে দিয়ে দেখা যেতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও টি-২০ তে বাংলাদেশের অধিনায়ক এখন সাকিব। যদিও অধিনায়কের দায়িত্ব আর পালন করতে চান না তিনি।

এদিকে সম্প্রতি ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে পাড়ি জমিয়েছিলেন সাকিব। গতকাল ঢাকা ডায়নামাইটসের সিইও ওবায়েদ নিজাম বলেছেন, নিয়ম মেনে সাকিব দল বদল করতেই পারেন।

গতকাল তিনি বলেছেন, ‘সাকিব ছেড়ে গেছে, সে গ্রেট প্লেয়ার। গত তিন বছর সে আমাদের সার্ভিস দিয়েছে। সে অসাধারণ মানুষ, ভালো ক্রিকেটার। আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সে। সে যদি অন্য কোনো দলে যায় এবং খেলে কোনো সমস্যা নেই। সে এটা করতে পারে। যে কোনো খেলোয়ারই এটা করতে পারে। তবে কিছু কিছু গাইড লাইন আছে, রুলস আছে, নিয়ম আছে যা আমাদের সবার মানতে হবে।’