আফিফে আত্মবিশ্বাসী দল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

আফিফ হোসেন ধ্রুবর দানবীয় হাফ সেঞ্চুরিতেই যেন হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। ৬০ রানে ৬ উইকেট হারানোর পর জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ৫২ রানের ইনিংসের সুবাদেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘মোসাদ্দেক ও আফিফ যেভাবে খেলেছে তাতে খুশি। আশা করি, ওরা এটা ধরে রাখতে পারবে। আশা করি, আমাদের টপ অর্ডারও ছন্দে ফিরবে। আফগানিস্তান আরেকটি কঠিন প্রতিপক্ষ। ওদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। আমরা এই জয় থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি। কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া একটি দল সহজ জয়ের চেয়ে এই ধরনের জয় থেকে অনেক বেশি আত্মবিশ্বাস পেতে পারে। আশা করি, এই মোমেন্টাম আমরা পরের ম্যাচে বয়ে নিয়ে যেতে পারব।’

এমন ইনিংসের রহস্যটা কি? আফিফ জানালেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের সহজাত ভঙ্গিতেই খেলতে চেয়েছেন তিনি। বললেন, ‘আমার চিন্তা ছিল আমি আমার মতো করে খেলব। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করব। কোচ ম্যাচের আগে আমাকে শুধু নিজের মতো করে খেলার পরামর্শ দিয়েছে। ম্যাচের আগে সবাই আমাকে বলেছেন নিজের মতো করে খেলতে। আমি সেই অনুযায়ী খেলতে পেরেছি।’

জয়ের আত্মবিশ্বাসটা চলতি ত্রিদেশীয় সিরিজের বাকিটা সময় কাজে লাগাতে চান আফিফ। বললেন, ‘সামনে যদি আরো সুযোগ পাই, সেখানে আমি আরো আত্মবিশ্বাস পাব। আরো আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারব।’

জিম্বাবুয়েও মনে করছে এই আফিফই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। তিনি বলেন, ‘এটা অসাধারণ একটা ইনিংস। আমার মনে হয়, ও যখন ক্রিজে তখন ওদের স্কোর ছিল ৬০/৬। সেখান থেকে ৮২ রানের জুটিতে দলকে জয় এনে দিয়েছে সে। ওর ব্যাটিংয়ে কোনো ভুল দেখছি না। টি-টোয়েন্টিতে এক ওভার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আফিফ যখন ক্রিজে এল আর তখন যে ক্রিজে ছিল ওরা এক ওভারের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি কখনো শিথিলতা দেখাতে পারবেন না।’