সরফরাজেই আস্থা পাকিস্তানের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

অধিনায়কত্ব হারাতে পারেন বলে একটা গুঞ্জন ছিল বিশ্বকাপের পর থেকেই। কিন্তু, সেটা আর হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরফরাজ আহমেদের ওপরই আস্থা রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তিনিই থাকছেন অধিনায়ক।

অধিনায়ক হিসেবে সরফরাজের বহাল থাকার পেছনে মূল ভূমিকা ছিল সম্প্রতি প্রধান নির্বাচক ও কোচ হিসেবে নিয়োগ পাওয়া মিসবাহ উল হকের। মিসবাহর পছন্দের সাথে একমত পোষণ করেছে পিসিবির ক্রিকেট কমিটি। একই সাথে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন বাবর আজম। জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি।

২০১৬ সালের এপ্রিল থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সরফরাজ। পরে তিনি ২০১৭ সালের শুরু থেকে ওয়ানডে দলের নেতৃত্ব পান। মিসবাহ উল হকের অবসরের পর টেস্টের দায়িত্বও দেওয়া হয় তাকে। এখন অবধি পাকিস্তানকে তিনি ১৩টি টেস্ট, ৪৮টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন চারটি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি।

দায়িত্বে বহাল থেকে উচ্ছ্বসিত সরফরাজ। তিনি বলেন, ‘অধিনায়কত্বের মেয়াদ বাড়ায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। পাকিস্তান ক্রিকেট দলের সাথে থাকাটাই আমার জন্য বড়ো সম্মান ও উপভোগের ব্যাপার। আশা করি মিসবাহ উল হকের সাথে মিলে আমি নতুন উদ্যোমে অধিনায়ক হিসেবে দলকে আরো এগিয়ে নিয়ে যাব।’

সরফরাজ মনে করেন, মিসবাহর সাথে তার জুটিটা দারুণ হবে। তিনি বলেন, ‘আমি ক্যারিয়ারের বড়ো একটা সময় খেলেছি মিসবাহর অধীনে। আমরা একজন আরেকজনকে ভালোভাবে চিনি। আমি মনে করি, আমাদের বোঝাপড়া দারুণ হবে। আর এই ব্যাপারটা দলের উন্নতিতে প্রভাব ফেলবে। আশা করি, অধিনায়ক ও একজন খেলোয়াড় —দুটি ভূমিকাতেই আমি নিজের শতভাগ দিতে পারব।’

মিসবাহ বলেন, ‘আমি মনে করি, সরফরাজের প্রতি আস্থা রাখা উচিত। আমি যত দূর বুঝি, আমার পক্ষে সরফরাজের সেরাটা বের করে আনা সম্ভব। দলের প্রতি ওর যে একাগ্রতা—সেটা সব সময়ই আমার পছন্দ। আমি মনে করি, ড্রেসিং রুমের ভালো একটা পরিবেশ দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি, এটার জন্য সরফরাজ সবচেয়ে যোগ্য মানুষ।’

পিসিবির নির্বাচক কমিটি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল সোমবার ১৯ সদস্যের প্রথম দল ঘোষণা করবে। এই দলটি আগামী বুধবার থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ক্যাম্প করবে। চূড়ান্ত দল ঘোষণা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর থেকে করাচিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর লাহোরে পাঁচ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।