যুব এশিয়া কাপ
স্পোর্টস রিপোর্টার
লক্ষ্যটা কঠিন ছিল না মোটেই। করতে হতো মাত্র ১০৭ রান। সেটাও করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১০১ রানে গিয়ে থামল দলটির ইনিংস। মাত্র পাঁচ রানের পরাজয় মেনে নিতে হলো আকবর আলীর দলকে। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিততে পারল না বাংলাদেশ।
বাংলাদেশকে হতাশা উপহার দিয়ে টানা দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতে নিল ভারত। এই নিয়ে যুব এশিয়া কাপের আট আসরের সাতটিতেই শিরোপা জিতল ভারত। কেবল ২০১৭ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান।
শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। টসে হেরে প্রথম বোলিংয়ে নেমেই আগুন ঝরায় বাংলাদেশের বোলাররা। মাত্র আট রানে সাজঘরে ফেরেন ভারত অনূর্ধ্ব ১৯ দলের তিন ব্যাটসম্যান। এরপর অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলের ৩৩ রানের ইনিংসে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তিনি যোগ্য সঙ্গী পাননি। ভারতের ইনিংসে আর মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। শাসওয়াত রাওয়াত করেন ১৯ রান। শেষের দিকে করণ লালের ৩৭ রানের ইনিংসে ভর করে ১০০-এর ওপরে নিজেদের স্কোর নিয়ে যায় ভারত।
৩২ ওভার চার বলে অলআউট হওয়ার আগে মাত্র ১০৬ রান করে ভারত। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামিম হোসেন।
জবাব দিতে নামার পরই শুরু হয় বাংলাদেশের দুর্দশা। প্রথম পাঁচ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ফিরেছেন সাজঘরে। মাত্র ১৬ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪০-এ পাঁচ ও ৫১-তে ছয় উইকেট হারায় দলটি।
এরপর অধিনায়ক আকবর আলীর ২৩ ও মৃত্যুঞ্জয়ের ২১ রানের ইনিংসে ভর করে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭৮ রানে পরপর দুই জন আউট হয়ে যান। আট উইকেট নেই বাংলাদেশ যুবদলের। তখন আবারও শুরু হয় শঙ্কা। সেই অবস্থা থেকে তানজিব হাসান সাকিব ও রকিবুল হাসান বের করে আনেন। তানজিব ১২ রান করেন, রকিবুল ১১ রানে অপরাজিত ছিলেন।
একটা সময় আট উইকেট হারিয়ে ১০১ রানেও পৌঁছে যায় বাংলাদেশ। তখন মনে হচ্ছিল, বাংলাদেশের শিরোপা জয়টা কেবলই সময়ের ব্যাপার। যদিও, স্বপ্ন ভঙ্গ করেন ভারতের বাঁ-হাতি স্পিনার অথর্ব আনকোলেকার। এক ওভারেই শেষ দুই উইকেট ফেলে দিয়ে তিনি শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে শিরোপা জয়ের আনন্দে ভাসান তিনি। আর বাংলাদেশের তরী ডুবে তীরে পৌঁছানোর আগেই। পাঁচ উইকেট পাওয়া অথর্বের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। এর বাদে আকাশ সিং নেন তিনটি উইকেট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের অর্জুন আজাদ।
