সড়কে বিদ্যুতের খুঁটি দুর্ঘটনার ঝুঁকি-জনদুর্ভোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

মোস্তাফিজুর রহমান মঞ্জু, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৌরসভার আওতাধীন সম্প্রসারিত প্রধান সড়কের মাঝখানে হাই ভোল্টেজের বিদ্যুত্ সঞ্চালন লাইনের অসংখ্য খুঁটি এখনো সরানো হয়নি। সড়কটি সম্প্রসারণের কাজ সম্পন্ন হলেও কর্তৃপক্ষের ধীর গতির কারণে সড়কের মধ্যে চলে আসা খুঁটি স্থানান্তরে বিলম্ব হচ্ছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি ও দুর্ভোগ নিয়েই সড়কটিতে দিন-রাত চলছে যানবাহন ও পথচারী।

সরেজমিনে জানা গেছে, শহরের মজমপুর এলাকা থেকে টানা বড়বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশ মিলিয়ে গড়ে সাত-আট ফুট বর্ধিতকরণসহ নির্মাণ করা হয় পানি নিষ্কাশনে কংক্রিট ঢালাইয়ের নতুন ড্রেন। উন্নয়নমূলক এ কাজের ফলে হাই ভোল্টেজ বিদ্যুত্ সঞ্চালন লাইনের ট্রান্সফরমারসহ অসংখ্য খুঁটি চলে আসে সম্প্রসারিত সড়কের প্রায় মাঝখানে। এ খুঁটিগুলো স্থানান্তরে পৌরসভা উদ্যোগ নিলেও তা এখনো রয়েছে চিঠি চালাচালির মধ্যেই । ফলে সড়ক প্রশস্ত হলেও সুফল পাচ্ছে না শহরবাসী।

পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, প্রথম দফায় ১২২টি খুঁটি সরানোর জন্য ব্যয় নির্ধারণের জন্য বিদ্যুত্ বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে ১২২টি খুঁটির পরিবর্তে ৫১টি খুঁটি সরাতে বিদ্যুত্ বিভাগের ধার্যকৃত প্রাক্কলন ব্যয় ৩৫ লাখ টাকা সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে।

কুষ্টিয়া বিদ্যুত্ বিভাগের (ওজোপাডিকো লি.) বিক্রয় ও বিতরণ নির্বাহী প্রকৌশলী প্রনব কুমার দেবনাথ জানান, বিদ্যুত্ লাইনের খুঁটি সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন। টেন্ডার আহ্বানসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্নের পর খুঁটি সরানোর কাজ শুরু হবে বলে তিনি জানান।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, বিদ্যুত্ লাইনের খুঁটি সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগির খুঁটিগুলো স্থানান্তর হবে বলে তিনি জানান।