সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদরে একই দিনে ছয় স্কুলছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।
প্রথমে বিকাল চারটায় সিরাজগঞ্জ সদরের পৌরসভার রানীগ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীর, বিকাল পাঁচটায় খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রীর, সন্ধ্যা সাতটায় গোবিন্দপোটল গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রীর, রাত আটটায় রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে দশম শ্রেণির ছাত্রীর, রাত নয়টায় পারপাচিল গ্রামে অষ্টম শ্রেণির এবং রাত ১০টায় শিলন্দা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। ঐ সময় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
