বরিশাল অফিস
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম এমপি গতকাল শনিবার বরিশালের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
অধ্যক্ষর কার্যালয়ে আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, মহীয়সী নারী মরহুমা মাজেদা বেগমের নামে প্রতিষ্ঠিত এ কলেজের যে কোনো সমস্যায় পাশে রয়েছেন। তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের ভালো রেজাল্টের মাধ্যমে সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। এ সময় শিক্ষকরা এ কলেজটিকে জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় একটিমাত্র সরকারি মহিলা কলেজ রয়েছে। অথচ দেশের অন্যান্য সিটি করপোরেশনে দুটি বা তারও বেশি মহিলা কলেজ রয়েছে। শিক্ষকরা জানান, এ অঞ্চলের দরিদ্র পরিবারের মেয়েরা এ কলেজে পড়াশোনা করায় বেসরকারি কলেজের বেতন দিতে পারছে না। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. আবুল কাসেম। বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক মোফাজ্জেল আলী খান মন্টু, কলেজ গভর্নিং বডির সদস্য মো. শরিয়তউল্লাহ, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুছ ছালাম, সহকারী অধ্যাপক শিবানী চৌধুরী, সহকারী অধ্যাপক মুহম্মদ শরীয়তউল্লাহ, প্রভাষক মাহাবুবা হুসাইন চৌধুরী, প্রভাষক সানজিদা শাহনেওয়াজ, প্রভাষক মো. আফজাল হোসেন।
