নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলার কলেজ ছাত্রী জেসমিন আক্তারকে গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত আলম হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে বলে গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের জানান।
লিখিত বক্তব্যে জানানো হয়, হালসা মাহেষা গ্রামের আবুল হোসেনের ছেলে আলম হোসেনের সঙ্গে হালসা গ্রামের জমসেদ আলীর পালিত মেয়ে জেসমিন আক্তারের কলেজ যাওয়ার পথে পরিচয় ঘটে। এক পর্যায়ে আলম জেসমিনকে বিয়ের প্রস্তাব দিলে জেসমিন তা প্রত্যাখ্যান করে যোগাযোগ বন্ধ করে দেয়। গত ১১ সেপ্টেম্বর রাত ১টার দিকে জেসমিনের সঙ্গে দেখা করতে আলম তার বাড়িতে যায়। সেখানে গিয়ে আলম আবারও বিয়ের জন্য চাপ দিলে জেসমিন রাজি না হওয়ায় জেসমিনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।
