বাংলাদেশ ও ভারতের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান কবিতা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৬

স্মরণে ওস্তাদ মোমতাজ আলী খান

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও ভারতের শিল্পীরা গাইলেন রবীন্দ্রনাথের গান, বাচিক শিল্পীরা পড়লেন রবীন্দ্রনাথের কবিতা। দুদেশের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন যোগসূত্র। গতকাল শনিবার ‘হিরণ কিরণ ছবিখানি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মুক্তক পদাবলী আবৃত্তি একাডেমি। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে রবীন্দ্রনাথকে নিবেদিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন মুক্তক পদাবলী আবৃত্তি একাডেমির সভাপতি প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি ধারাবর্ণনা করেন দেওয়ান সাইদুল হাসান। মানবিক সমাজ বিনির্মাণে বাঙালি জাতিসত্তার কাছে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা উঠে আসে অতিথিদের কথনে। আলোচনা শেষে শুরু হয় গান ও কবিতার পরিবেশনা পর্ব। বাংলাদেশের ফাহিম হোসেনের সঙ্গে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ভারতের শিল্পী জয়ন্তী সোরেন। বাচিকশিল্পী মো. আহ্্কামউল্লাহ, রাশেদ হাসান ও লায়লা আফরোজের সঙ্গে কবিতার শিল্পিত উচ্চারণ উপস্থাপন করেন ভারতের আবৃত্তিশিল্পী মলি দেবনাথ।

স্মরণে ওস্তাদ মোমতাজ আলী খান :গানে আলোচনায় স্মরণ করা হলো ওস্তাদ মোমতাজ আলী খানকে। গতকাল শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আরো বক্তব্য রাখেন সিজ্জিল আলাভী শামিম। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ রূপু খান।

অনুষ্ঠানে ওস্তাদ মোমতাজ আলী খান পদক প্রদান করা হয়। প্রদকপ্রাপ্তরা হলেন—সৈয়দ গোলাম আম্বিয়া, শিল্পী কানন বালা সরকার ও শিল্পী দিল আফরোজ রেবা।

গোলাম কুদ্দুছ বলেন, বাংলার লোকসংগীত ও বাউলসংগীতে ওস্তাদ মোমতাজ আলী খানের অসামান্য অবদান রয়েছে। সেই পাকিস্তান আমলেই বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখেছিলেন। মহান মক্তিযুদ্ধেও তার অবদান অপরিসীম। তিনি ওস্তাদ মোমতাজ আলী খানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের আহ্বান জানান।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে একাডেমির শিল্পীরা। একক গান করেন তামান্না নিগার, শান্তা সরকার, শিপ্রা ভৌমিক, নাসরিন ফেরদৌসি চমন, রাজা হাসান, ফরিদুল হক, মো. ইলিয়াস সমীরণ চক্রবর্তী ও জোয়াদ বাউল।