বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএমপির নতুন কমিশনারের পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শফিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। ডিএমপিতে তার প্রথম কর্মদিবসে গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরিদর্শন শেষে জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানান। শুক্রবার ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শফিকুল ইসলাম। তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহা. শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।