আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হলো। আর ছাত্রদলের এই সংকটের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী। তাদের অভ্যন্তরীণ কোন্দল, বিদ্বেষপ্রসূত ও নেতিবাচক রাজনীতি বিএনপিতে সংকট তৈরি করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘জনগণের ক্ষমতায়ন দিবসের’ আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্জনই বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করাকে সংকটপূর্ণ করে তুলেছে। শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এই দেশে অনেকের আঁতে ঘা লাগে, যন্ত্রণা শুরু হয়।
আওয়ামী লীগের কেউ কেউ দুর্নীতিতে যুক্ত বলে স্বীকার করে নিয়েই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের সবাই চকবাজারের ইমাম, একথা বলব না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের অনেক মন্ত্রী দুদকে হাজিরা দিচ্ছেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে আছেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ইতিবাচক রাজনীতি করি। আমাদের ভুলত্রুটি থাকতে পারে। আমরা পুরোপুরি পারফেক্ট নই, আমরা এটা স্বীকার করি। এই সাহস আওয়ামী লীগের আছে।
রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায় ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিত্ব হারালে ঐ পেশায় ফিরে যাবেন বলে জানালেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের খানিকটা উষ্মা প্রকাশ করে বলেন, ‘আপনারা আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনাম রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা প্রাসঙ্গিক না কেন? আজকের যেই অনুষ্ঠানে এসেছি, তাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় আসব।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, ড. আহমদ আল কবির, নিখিল গুহ প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত জনগণের ক্ষমতায়ন দিবসে ৫০০ মাওলানা কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সংগঠনের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শনকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে।
