চোখের পানিতে জাতির পিতা মুগাবেকে বিদায় জানাচ্ছেন জিম্বাবুয়েনরা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩

চোখের পানিতে জাতির পিতা রবার্ট মুগাবেকে শ্রদ্ধা জানাচ্ছেন জিম্বাবুয়ের নাগরিকরা। ৩৭ বছর ধরে দেশ শাসন করা ‘আফ্রিকার আইকন’ হিসেবে পরিচিত রবার্ট মুগাবেকে শ্রদ্ধা জানাতে আফ্রিকার কয়েকটি দেশের নেতারা উপস্থিত ছিলেন। দেশটির জাতীয় স্টেডিয়ামে এই শেষকৃত্যের আয়োজন করা হয়। মুগাবেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষে স্টেডিয়ামের অর্ধেক ভরে যায়। খবর রয়টার্স ও বিবিসির

স্বাধীনতা পরবর্তী প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে শ্রদ্ধা জানাতে এসে বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া বলেন, মুগাবে আফ্রিকার পক্ষে লড়েছিলেন। তিনি বলেন, এখানে উপস্থিত সবাই মুগাবের সাহসী ও প্রতিবাদী ভূমিকাকে স্মরণ করবেন এবং এগুলো আমাদের অনুপ্রেরণা জোগাবে, আমাদের দেশের প্রহরী হিসেবে ভূমিকা পালনে উত্সাহ দেবে। মুগাবের আমলে জারি করা অবরোধ প্রত্যাহার করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, আফ্রিকার একটি গাছের পতন হয়েছে। তাই তার জন্য সবাই কাঁদছেন। এর আগে স্টেডিয়ামে ফুলে সজ্জিত একটি মঞ্চে মুগাবের মরদেহ রাখা হয়। সিনিয়র আর্মি জেনারেল এবং মুগাবের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানান। শুক্রবার মুগাবের পরিবারের মুখপাত্র এবং ভাতিজা লিও মুগাবে জানান, মুগাবের মরদেহ ৩০ দিন পর্যন্ত রাজধানী হারারের জাতীয় বীরদের স্মৃতিস্তম্ভে রাখা হবে। যদিও এর আগে তিনি রবিবার সমাহিত করার কথা বলেছিলেন। দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, গায়ানা ও কঙ্গোর রাষ্ট্র ও সরকার প্রধানরা শেষকৃত্যে অংশ নেন। এছাড়া জিম্বাবুয়ের স্বাধীনতার সময় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দান করা চীন, রাশিয়া ও কিউবান সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ৬ সেপ্টেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন রবার্ট মুগাবে।