বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ চার জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
লালমোহন (ভোলা): লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় শরিফ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল লালমোহন শহরের বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই শরিফ হত্যার বিচারের দাবিতে স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থী শহরে বিক্ষোভ করেন। শরিফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম মহল্লার আবুল কাশেমের ছেলে।
রাঙ্গামাটি: মোটরসাইকেলের ধাক্কায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের ব্যবসায়ী সুসঙ্গ ভট্টাচার্য (৪৩) গতকাল চিকিত্সাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় রাইখালী কৃষি ফার্ম এলাকায় হাঁটতে গেলে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় বাইপাসে পুনরায় সড়ক দুর্ঘটনায় মওলানা শামসুল আলম নামের (৫৫) এক ব্যবসায়ী নিহত ও আরো কয়েক জন আহত হয়েছেন। শামসুল নগরীর আগ্রাবাদের লাকী প্লাজা এলাকার ব্যবসায়ী। গতকাল পটিয়া বাইপাস সড়কের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাকখালী পয়েন্টে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বাস উলটে এই দুর্ঘটনা ঘটে।
মাগুরা: মাগুরায় এরশাদ (৩০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দির ইউপির কেষ্টপুর নামকস্থানে গতকাল এই দুর্ঘটনা ঘটে। এরশাদ রাজবাড়ী জেলার রামকান্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
