জাতীয় পার্টিতে (জাপা) সাম্প্রতিক কলহের বিষয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অনেকে মনে করেছিলেন এরশাদের মৃত্যুর পর জাপা ভেঙে যাবে। আল্লাহর রহমতে তা হয়নি। আমাদের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তা ছিল সাময়িক। আমাদের এ ঐক্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, দলের আগামী কাউন্সিলে নতুন নেতৃত্ব গড়ে ওঠবে। আমাদের ঘর খালি নয়, কেউ ঘুমিয়ে আছে অথবা মনের কষ্টে দূরে সরে আছে। কাউন্সিলের পর আমাদের ঘর পরিপূর্ণ হবে।
প্রয়োজনে প্রেসিডিয়াম সদস্য একশ হবে: রাঙ্গা
গতকালের এই সভায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দলের সিদ্ধান্ত গ্রহণে অন্তত ২১ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করবে জাপা। সামনে অনেক পরিবর্তন হবে। অনেকে দলে যোগদান করবে। প্রয়োজনে প্রেসিডিয়ামের সদস্য সংখ্যা একশ হবে। এরপর সিনিয়রদের ২১ সদস্যের স্টিয়ারিং কমিটি করা হবে। তারা দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। এরশাদ আমাকে তিনবার বহিষ্কার করেছিলেন। কর্মীরা না চাইলে কালকেই আমি মহাসচিব পদ ছেড়ে দিতে প্রস্তুত। জাপা মহাসচিব বলেন, পার্টির ভাঙন ঠেকাতে আমরা সবাই একযোগে কাজ করেছি। রংপুর- ৩ আসনে সবার সিদ্ধান্তেই সাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদকে জেতাতে আশা করছি সরকারি দল আমাদের সহযোগিতা করবে। সভাপতির বক্তব্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ও জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, রওশন এরশাদ-জি এম কাদের এক ও অভিন্ন। তাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব জাপাকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
সিলেটে মাজার জিয়ারত করলেন সাদ
রংপুর-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী সাদ এরশাদ গতকাল সিলেটে সস্ত্রীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন। জিয়ারত শেষে সাদ উপস্থিত সাংবাদিকদের বলেন, বাবাকে (এরশাদ) ছাড়া এই প্রথম তিনি সিলেটে মাজার জিয়ারত করলেন।
