উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো জাতীয় নাগরিকপঞ্জিসহ (এনআরসি) অন্য কোনো সমস্যার মুখে পড়লে সে সব বিষয়ের ওপর জোর দেবে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে আসা দলীয় নেতাদের সঙ্গে সভাপতি সোনিয়া গান্ধীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই সভায় সাবেক মুখ্যমন্ত্রী ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সাধারণ সম্পাদক লুইজিনহো ফ্যালেরোসহ উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষ কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন।
ফ্যালেরো বলেন, দীর্ঘ সময় বৈঠক হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো যে সব সমস্যা মোকাবিলা করছে তা নিয়ে আলোচনা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কমিটিগুলোর মধ্যে সমন্বয় আনা ও এগুলো শক্তিশালীকরণের সিদ্ধান্ত হয়েছে। গুয়াহাটিতে একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠারও সিদ্ধান্ত হয়েছে। আসামের এনআরসি ইস্যু নিয়ে সভায় আলোচনা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর রাজ্যগুলোর সমস্যা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং জ্যেষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলও বৈঠকে উপস্থিত ছিলেন। শুক্রবার সোনিয়া গান্ধী পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন।
