কম বাজেটেও হিট আয়ুষ্মান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’। মুক্তির প্রথমদিনেই আলোচনায় আসে সিনেমাটি। মুক্তির প্রথমদিন ভারতের বক্স অফিসে আয় করে প্রায় ১০ কোটি রুপি। দ্বিতীয় দিনের সংগ্রহ প্রায় ১৬ কোটি রুপি।

বলিউডের সিনেমার বাজেট মানেই শত কোটি রুপি। বিগ বাজেটের সিনেমাগুলোর ফ্লপের ইতিহাসও কম নয়। সেই জায়গা থেকে ক্যারিয়ারে এরইমধ্যে সফল আয়ুষ্মান। কম বাজেটের সিনেমা হলেও বিগ বাজেটের কোনো সিনেমার চেয়ে কম ব্যবসা করে না। ৩০ কোটি রুপির এই সিনেমাটি গতকালই লাভের ঘরে পা রেখেছে। ‘ড্রিম গার্ল’ দিয়ে আয়ুষ্মান আবারো প্রমাণ করলেন, যেকোনো চরিত্রেই দারুণভাবে নিজেকে মানিয়ে নেন তিনি। আর দর্শকরাও তাকে ভালোবেসে গ্রহণ করেন। এই ছবিতে তার চরিত্র ভিন্নধর্মী, যাকে সবাই ‘পূজা’ নারী নামে ডাকে। মানুষ বুঝতেই পারে না তিনি নারী নন, পুরুষ।

এখন পর্যন্ত আয়ুষ্মানের যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এরমধ্যে প্রথমদিনের আয়ে এখন এগিয়ে আছে ‘ড্রিম গার্ল’।

ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানান, চলতি বছরে ‘উরি’ প্রথমদিন আয় করেছিল ৮.২০ কোটি রুপি, ‘লুকাচুপি’র প্রথমদিনের আয় ৮.০১ কোটি রুপি ও ‘ছিছোড়ে’ আয় করেছিল ৭.৩২ কোটি রুপি।