আখের ফলন ভালো দামেও খুশি চাষিরা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩

আবু তোরাব, চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এ বছর বিভিন্ন এলাকায় আখের চাষ ভালো হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে আখের ফলন যেমন ভালো হয়েছে তেমনি দামও পাওয়া যাচ্ছে ভালো। তাই এবার আখ চাষিরা খুশি। চন্দনাইশ উপজেলার উত্পাদিত আখ রসালো এবং স্বাদ ও গুণের কারণে বিভিন্ন স্থানে যথেষ্ট চাহিদা রয়েছে। উপজেলার শঙ্খ নদের তীরবর্তী দোহাজারী, চাগাচর, দিয়াকুল, হাছনদন্ডী, বৈলতলী, বরমা ইউনিয়নে প্রচুর আখের চাষ হয়। তাছাড়া চন্দনাইশের মধ্য দিয়ে প্রবাহিত বরুমতি খালের পার্শ্বেও যথেষ্ট পরিমাণ আখ চাষ হয়।

হাছনদন্ডী এলাকার আখ চাষি আনু মিয়া জানান, তিনি এবার এক কানি জমিতে আখ চাষ করেছেন। খরচ হয়েছে ৪৫-৫০ হাজার টাকা। এখন আখের পাইকাররা প্রতি কানি জমিতে ৯০ হাজার টাকা পর্যন্ত দিতে চাচ্ছে। বর্তমানে বাজারে আখের ভালো দাম থাকায় আখ চাষিরা খুশি। এতে তেমন কোনো শ্রম দিতে হয় না তদুপরি স্বল্প খরচে দ্বিগুণ লাভবান হওয়া যায় বলে উপজেলায় বেশিরভাগ কৃষক আখ চাষের দিকে ঝুঁকে পড়ছে। এখানকার আখ চাষিরা আখ চাষে কোনো উন্নত প্রশিক্ষণ পায়নি। তারা তাদের পূর্বপুরুষের ধারাবাহিকতায় এখনো চাষ করে যাচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষিবিদ স্মৃতি রানী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি মৌসুমে উপজেলায় আখের ফলন ভালো হয়েছে, কৃষকরা দামও পাচ্ছে। এবার আখের লক্ষ্যমাত্রা ১৮৫ হেক্টর ধরা হলেও তার অধিক অর্জন হয়েছে বলে জানিয়েছেন।