পাঁচ মাস বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত শনিবার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথরখনি থেকে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে। গত ৩ এপ্রিল খনির পাথর উত্তোলন কাজে ব্যবহূত গিয়ার বক্সের পিনিয়াম নষ্ট হলে বন্ধ হয়ে যায় পাথর উত্তোলন। গত ৯ সেপ্টেম্বর চীন থেকে আমদানিকৃত গিয়ার বক্সের পিনিয়াম দিয়ে ত্রুটি সারানো হলে শনিবার সকাল থেকে পুনরায় তিন শিফটে পাথর উত্তোলনের কাজ শুরু হয়েছে বলে জানান খনি কর্তৃপক্ষ।  এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় মধ্যপাড়া পাথরখনি পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। পরিদর্শন শেষে পাথরখনির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বাংলাদেশ রেলপথে মধ্যপাড়ার পাথর পরিবহন ও ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জাল হোসেন, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এম সামসুজ্জামান, যুগ্ম মহাপরিচালক (জেডিজি) মঞ্জুরুল আলম চৌধুরী ও রেলের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জি এম) হারুন অর রশিদ। পাথরখনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান, মহাব্যবস্থাপক (খনি ও পরিচালনা) আবু তালেব ফারাজী, খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)র চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজী, নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী ও খনি বিশেষজ্ঞ আলেকজান্ডার মাল্টসু প্রমুখ।