মসজিদ নির্মাণ কমিটির আলোচনা সভা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আলোচনা সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। মসজিদে আয়োজিত সভায় উপাধ্যক্ষ আফছার আলীর পরিচালনায় মুফতি মাও. বোরহান উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদ কমিটি গঠনের লক্ষ্যে বোরহান উদ্দীনকে আহবায়ক ও খতিব মুফতি মাও. আ. হান্নানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওসার আলী জোয়াদ্দার, উপাধ্যক্ষ আফসার আলী প্রমুখ। সভায় আগামী ১৫ দিনের মধ্যে মসজিদ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
বেলকুচির মেঘুল্লায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ
বেলকুচি ও চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচি উপজেলার মেঘুল্লার যমুনা নদীতে সোমবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এই নৌকাবাইচে পাবনা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের শতাধিক ছোটো-বড়ো পানসি, কোষা, খেলনা নৌকা অংশ নেবে। এর মধ্যেই এ উত্সবকে কেন্দ্র করে এলাকার বাড়ি-বাড়িতে নাইয়র আনা হয়েছে ঝি-বেটিদের। তাদের নিয়ে আয়োজন চলছে তালের রসের পিঠার। অনুষ্ঠানে অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও সিরাজগঞ্জ সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবীবে মিল্লাত মুন্না।
শোভার হত্যাকারী স্বামীর ফাঁসি দাবি
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জাতীয় পার্টির-জেপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিমের মেয়ে শোভা নাজনিনের হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে রবিবার গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির নতুন কমিটি
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কনফারেন্স কক্ষে ঐ দিন স্থলবন্দরের সকল শ্রেণির আমদানি- রপ্তানিকারকরা সাধারণ সভা ডাকেন। সভায় আগামী তিন বছরের জন্য উম্মুক্ত প্রস্তাব ও পূর্ণ সমর্থনে মেসার্স আবতাহী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলকে সভাপতি এবং মেসার্স নাহার ট্রেডার্সের স্বত্ব্বাধিকারী ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক করা হয়।
ভাঙ্গায় চার দোকানঘর পুড়ে ছাই
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ভাঙ্গা পৌর সদরের হাসপাতাল গেটসংলগ্ন এলাকার মোল্লা মার্কেটে রবিবার ভোরে অগ্নিকাণ্ডে চার দোকানঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান বলেন, দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।
৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা তজুমদ্দিনের মেঘনায় শনি ও রবিবার কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে শশীগঞ্জ ঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়। তজুমদ্দিন কোস্টগার্ড কনটিনজেন্ট কমান্ডার কামরুল হাসান মোল্লা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড ও উপজেলা মত্স্য অধিদপ্তর মেঘনার বাসনভাঙ্গা, চরমোজাম্মেল ও শশীগঞ্জ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে জাল পাতা অবস্থায় কয়েকটি নৌকার প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।
ইয়াবাসহ দুই যুবক আটক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শনিবার রাতে ২১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল চেকিং ডিউটি পরিচালনার উপজেলার আলাদিপুর পেয়ারাতলা থেকে তাদেরকে আটক করে জাতপুর ক্যাম্পের ইনচার্জ এস আই সাহিদুর রহমান ও এ এস আই আলাউদ্দীনসহ একদল ফোর্স। আটকরা হলো শাহিনুর মোড়ল ও মতিয়ার রহমান। তালা থানার ওসি মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উপজেলার উন্নয়ন কার্যক্রম বিষয়ে মতবিনিময়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে রবিবার মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবির হোসেন, উপজেলা জাপার সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
তানোরে পরিবেশ বাঁচাতে তারুণ্যের শপথ
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে পরিবেশ বাঁচাতে শপথ করেছে তরুণ প্রজন্ম। রবিবার তানোর পৌর এলাকার চাপড়া উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। আর পরিবেশ ও প্রাণপ্রকৃতি রক্ষায় শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। ‘গ্রীণ ক্যাম্পাস প্রচারাভিযান ২০১৯’ শিরোনামের ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সংগঠন উপজেলা পক্ষীনিবাস ও প্রাণবৈচিত্র্য সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ রক্ষারও শপথ নেন সংগঠনের সদস, ওই স্কুলের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা। চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা(ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবেদা খানম, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, উপদেষ্টা ও তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার প্রমুখ।
নিয়ামতপুরে গাছের চারা বিতরণ
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে বন সম্প্রসারণ অধিদপ্তর (বনবিভাগ) জলবায়ু বিরূপ প্রভাব মোকাবিলা প্রজেক্টের আওতায় বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে। শনিবার উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে এ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ওসি শামসুল আলম শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন প্রমুখ।
মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরের কুতুবপুর ইউনিয়নে শনিবার সন্ধ্যায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশিত মাদকমুক্ত শিবচর গঠনে জিরো টলারেন্সের ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান। এর আগে তিনি শিবচর সার্কেল অফিস, শিবচর থানা ও শিবচর থানার তদন্ত কেন্দ্র ভদ্রাসন ও দত্তপাড়া পরিদর্শন এবং দত্তপাড়া ও নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রে দুটি গাড়ি হস্তান্তর করেন। এ সময় সহকারী পুলিশ সুপার (শিবচর ও রাজৈর সার্কেল) মো. আবির হোসেন, এএসপি মো. মনিরুজ্জামান, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার দুপুরে আগামী এক বছরে জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইউএসএআইডির ‘মা-মনি’ মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায়ের সভাপতিত্বে মা-মনির উপজেলা সমন্বয়কারী সামসুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ প্রমুখ।
আগৈলঝাড়ায় বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় রবিবার বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এস রহমানের দুই বছরের ছেলে জোনায়েত মাল্টিপ্লাগে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এতে জোনায়েত বিদ্যুত্স্পৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন|
