মরিনহোর উত্কর্ষে মেসির ভূমিকা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

স্পোর্টস ডেস্ক

২০ বছরের কোচিং জীবনে কখনোই লিওনেল মেসির কোচ ছিলেন না হোসে মরিনহো। বরং মেসির বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন তিন মৌসুম। সেই মরিনহোই জানালেন, তাকে আরও ভালো কোচ হয়ে উঠতে সাহায্য করেছেন মেসি।

রিয়ালের কোচ হয়ে আসার আগেও মেসির মুখোমুখি হয়েছেন মরিনহো। ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে দারুণ কৌশল দিয়ে আর্জেন্টাইন তারকা আর পেপ গার্দিওলার বার্সাকে রুখে দিয়েছিলেন পর্তুগিজ এই কোচ।

গার্দিওলার অধীনে স্প্যানিশ লিগে তত দিনে আধিপত্য বিস্তার করে ফেলেছে বার্সা। পরের মৌসুমেই তাই রিয়াল মরিনহোর দ্বারস্থ হয়। মাদ্রিদে আসার পর তো মেসিকে রোখার কৌশল নিয়মিতই করতে হয়েছে। এটাই তাকে আরও ভালো কোচ হয়ে উঠতে সাহায্য করেছে বলে জানান মরিনহো।

সম্প্রতি পর্তুগিজ এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে মরিনহো বলেন, ‘আমি সব সময়ই বলি যে আমার নিজের খেলোয়াড়দের কাছে আমি ঋণী এবং তাদের কাছেও ঋণী, যারা আমার খেলোয়াড় ছিল না, কিন্তু আমার জন্য সমস্যা সৃষ্টি করত। উদাহরণস্বরূপ, মেসি কখনো আমার দলে খেলেনি, কিন্তু আমার বিপক্ষে খেলেছে এবং আমাকে আরও ভালো কোচ হয়ে উঠতে সাহায্য করেছে। কেননা, তাকে রুখতে আমার বাড়তি কৌশল ছকতে হতো।’

তবে শুধু মেসিই নন; অন্যান্য বড়ো তারকা যাদের মুখোমুখি হয়েছেন, তাদের কাছেও ঋণী মরিনহো। বর্তমানে স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করা স্প্যানিশ এই কোচ বলেন, ‘যখন আমি মেসির কথা বলি, সেটা অন্য মহান খেলোয়াড়দের কথাও বোঝায়।’ রিয়ালে তার সময়টা খুব বাজেভাবেই শেষ হয়েছিল। তবে মাদ্রিদে কাটানো তিনটি মৌসুমকে খুব যত্নেই স্মৃতির মণিকোঠায় আগলে রেখেছেন মরিনহো। তিনি বলেন, ‘তিনটি দারুণ বছর কাটিয়েছিলাম সেখানে। কিছুটা সমস্যা অবশ্যই ছিল, কিন্তু এটা পেশাদার জীবনেরই একটা অংশ। এখানে আমার কিছু দারুণ স্মৃতি আছে। সেখানে আমি যে সময়টায় ছিলাম, সেটা মাদ্রিদের জন্য কঠিন সময় ছিল।’