স্পোর্টস রিপোর্টার
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বের বাছাইয়ে খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জুনিয়র ফুটবল দল। বিশ্বকাপ আয়োজক দেশ কাতারে এই খেলা হবে ১৮-২২ সেপ্টেম্বর। বাংলাদেশ ই গ্রুপে খেলছে। প্রতিপক্ষ ইয়েমেন, কাতার এবং ভুটান। আগামী বুধবার প্রথম ম্যাচ স্বাগতিক কাতারের বিপক্ষে। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভুটান এবং ২২ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের লড়াই। এশিয়ায় বিভিন্ন দেশে ১১টি গ্রুপে ছোটোদের ফুটবল লড়াই শুরু হয়েছে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ সেরা রানার্সআপ পাঁচটি দল নিয়ে চূড়ান্ত পর্ব আগামী বছর অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের ইংলিশ কোচ রবার্ট মার্টিন জানিয়েছেন বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য ভালো করা। ৫৩ বছর বয়সী এই কোচ বললেন, ‘যতটা সম্ভব আমরা ভালো করতে চাই।’ জয়ের ব্যাপারে কোচ বলেন, ‘ফুটবলে সবকিছুই সম্ভব।’ তিনি বলেন,‘আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে দল গড়ছি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল : দলনেতা বিজন বড়ুয়া, ডেপুটি অমিত খান শুভ্র, হেড কোচ রবার্ট মার্টিন রাইলস, ম্যানেজার সাবেক স্ট্রাইকার মো. মহসীন, সহকারী কোচ আবুল হোসেন, জান-ই আলম নূরী। খেলোয়াড়রা হলেন : গোলকিপার মেহেদী হাসান, রাফসান জামি মিম, মেহেদী হাসান শ্রাবন। রক্ষণভাগে ডিফেন্ডার: জনি সিকদার, হাফিজুর রহমান তুষার, রবিউল আলম, অপূর্ব মালী, আজীজুল হক অনন্ত, কাজীরুল ইসলাম হূদয়, রাজীব হাসান। আক্রমণভাগে মিডফিল্ডে: নাঈম আহমেদ, ইমন ইসলাম বাবু, সিরাজুল ইসলাম রানা, হাসান জুম্মন নিঝুম, আলী সাকিব, সাইফুল ইসলাম সুমন, আসাদুল মোল্লা, সাইফুল ইসলাম সাঈদ, তৌহিদুল ইসলাম সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল মিরাদ, সাব্বির আহমেদ মনি এবং মইনুল ইসলাম মনি।
