‘স্টুডেন্ট টু স্টার্টআপ’-এর দ্বিতীয় আসর
আরিফুর রহমান
‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’- এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ -এর দ্বিতীয় অধ্যায়। গতকাল আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হয়-এর উদ্বোধনী অনুষ্ঠান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প বা আইডিয়া প্রকল্প’ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর আওতাধীন দেশের শীর্ষস্থানীয় তরুণদের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’র সহযোগিতায় এই উদ্যোগটি আয়োজিত হচ্ছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো দেশের অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখতে যাদের উদ্ভাবনী পরিকল্পনা আছে এমন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । তিনি বলেন, ‘বিশ্ব বর্তমানে তারুণ্যের সংকটে রয়েছে। আমরা সেখানে দারুণ এক অবস্থানে রয়েছি। আমাদের দেশের ৭ কোটির বেশি মানুষ বর্তমানে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখা পড়া করছে। প্রতি বছর কর্মক্ষেত্রে নতুন করে যুক্ত হচ্ছে ২০ লাখ মানুষ। এখন আমাদের লক্ষ্য, তারুণ্যের শক্তিকে কিভাবে বাংলাদেশের সমৃদ্ধিতে আমরা ব্যবহার করতে পারব। কিন্তু এত মানুষ যদি শুধু চাকরি করে, তাহলে সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগেই কর্মসংস্থান প্রদান করা সম্ভব হবে না।
ইনক্লুসিভ ডেভলোপমেন্টে আমরা বর্তমানে এগিয়ে। এটা ইকোনমিকাল ফোরামের দাবি। বিগত ১০ বছর যাবত আমাদের জিডিপি ৬ শতাংশের বেশি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ৮ শতাংশ জিডিপি। বস্টন কনসাল্টিং গ্রুপের তৈরি করা এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে প্রায় ৫ কোটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি হয়েছে যারা নতুন স্মার্ট ফোন কিনতে চায়, রেফ্রিজারেটর কিনতে চায়। উন্নত জীবনযাপন করতে চায়। আমাদের দেশের যে প্রয়োজন তা মেটাতে পণ্যের দরকার। এই পণ্য কোথা থেকে আসবে। একটা হতে পারে বিদেশি পণ্য দিয়ে এই চাহিদা পূরণ হবে, নয়ত দেশে এই পণ্য তৈরির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, সারাদেশের শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ ছাড়াও দেশের ১০০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত বুথের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ের নিবন্ধন প্রক্রিয়াটি ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার থেকে শুরু হয়। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ২৫টি ভেন্যু থেকে ৭৫টি প্রকল্প বাছাই করা হবে। সেখান থেকে বিজয়ী ১০টি স্টার্টআপের প্রতিটিকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেয়া হবে । ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ে অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে-
www.s2s.startupbangladesh.gov.bd -এ।
