বিশ্বপ্রবাহ ডেস্ক
সম্প্রতি মেক্সিকোর কুলিয়াকান শহরে কয়েক মিনিটের আকস্মিক জলোচ্ছ্বাসে (ফ্লাস ফ্লাড) ভেসে যায় সবকিছু। সাময়িকের জন্য শহরের রাস্তাগুলো হয়ে যায় খরস্রোতা নদী। সড়কে থাকা শত শত গাড়ি নৌকার মতো ভাসিয়ে নিয়ে যেতে থাকে। গাড়ি থেকে বের হয়ে লোকজন যে যার মতো বাঁচার চেষ্টা করে। ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সে দেশের তরুণী ভলিবল তারকা আলেজান্দ্রা তেরাজাস। আকস্মিক স্রোত ভাসিয়ে নিয়ে যেতে থাকে তাকেও। হতভম্ব হয়ে এই তরুণী তার সামনের একটি প্রাইভেট কার আঁকড়ে ধরার জন্য পানি ভেঙে সেদিকে ছুটে আসছিলেন। কিন্তু কয়েক পা সামনে এগোতেই সড়কের একটি ম্যানহোলে ঢুকে যায় তার দুই পা। ম্যানহোলের ভেতরমুখী স্রোতের টানে মুহূর্তেই অদৃশ্য হয়ে যান তিনি। পরে পানি নেমে যাওয়ার পর একটি খালে তার মরদেহ পাওয়া যায়। সিসি ক্যামেরায় তার এই করুণ পরিণতি দেখে গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। খোলা ম্যানহোলের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শহরটির মেয়রও।
