বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ, সীমান্তবাসী ও সীমান্তের স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে রবিবার মাদকবিরোধী লালকার্ড সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। সীমান্তের কাটলা বাজারে সকাল থেকে এলাকার লোকজন ও শিক্ষার্থীরা হাতে লালকার্ড নিয়ে সমবেত হতে থাকেন। তারা মাদক প্রতিরোধের অঙ্গীকার করেন। এ সময় বক্তব্য রাখেন বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাটলা হাটবাজার বণিক সমিতির সভাপতি কোবাদ হোসেন, সাধারণ সম্পাদক সামসুল মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশ শেষে পুলিশ, সীমান্তবাসী ও সীমান্তের স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিশাল শোভাযাত্রা সীমান্তের বিভিন্ন গ্রাম ঘুরে বিরামপুর উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
