রাজশাহীতে ছিনতাই মামলায় দুই ছাত্র আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে ছিনতাই মামলায় আটক দুই ছাত্রকে নির্দোষ দাবি করে তাদের ফাঁসানোর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করে পরিবারের সদস্যরা আরো দাবি করেন, ঐ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আগে ছিনতাইয়ের মতো অপরাধের কোনো রেকর্ড নেই। আটকরা হলো—নগরীর মোন্নাফের মোড়ের মোস্তাফার ছেলে ফাহিম। সে পঞ্চবটি এলাকার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এছাড়া মাহিম নগরীর বন্ধগেট এলাকার মাইনুল ইসলামের ছেলে এবং বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার দুপুরে ফাহিমের মা ফারহানা এবং মাহিমের মা ফাতিহা এসব অভিযোগ করেন। তারা অভিযোগ করেন, পুলিশ কোনো অভিযোগ ছাড়াই কলেজপড়ুয়া দুই খালাতো ভাইকে আটক করেছে। পুলিশ জানায়, ফাহিম ও মাহিমকে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়েছে।

মাহিমের মা ফাতিহার কাছে পুলিশ লাখ টাকা চেয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া ফাহিম ও মাহিমকে থানায় মারধর করা হয়েছে বলেও দাবি করেন তাদের মায়েরা।

দুই শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তাদের ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়েছে। ছিনতাই মামলায় আদালতে পাঠানো হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, কাউকে আটক করা হলেই পরিবার থেকে তাদের নির্দোষ দাবি করা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

০