সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায় অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে এই প্রথম ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে এ ধরনের নজির নেই। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীতে একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন করার জন্য প্রস্তুতি নিবেন। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। গতকাল রবিবার রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান।
ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩৭৫ কোটি টাকা ব্যয়ে চার লেনবিশিষ্ট ভুলতা ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সময় সুযোগ মতো যে কোনো সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন-উর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
