অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের যেসব বিমা কোম্পানি এখনো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি সেসব কোম্পানিকে আগামী তিন মাসের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যেসব কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে না তাদের লাইসেন্স প্রাথমিকভাবে সাময়িক বাতিল করা হবে। তারপর কয়েকটি কোম্পানি মিলে একীভূত হওয়ার সুযোগ দেওয়া হবে। তারপরও যেসব কোম্পানি শেয়ারবাজারে আসতে পারবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে।
গতকাল রবিবার শের-ই-বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের সকল বিমা কোম্পানির এমডি ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলে মোট ৭৮টি লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান আছে। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে মাত্র ৪৭টি প্রতিষ্ঠান।
অর্থমন্ত্রী আরো বলেন, বিমা খাতের উদ্যোক্তারা দেশের সকল ফ্ল্যাট এবং আবাসিক ও অনাবাসিক ভবন বিমার আওতায় আনার যে দাবি জানিয়েছেন সেটিও ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। উন্নত বিশ্বে শুধু মানুষ ও সম্পদই নয়, অনেক প্রাণীরও ইন্স্যুরেন্স থাকে। আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করে দেশকে একটি টেকসই অবস্থানে নিতে বিমা খাতকে অবশ্যই আশানুরূপ জায়গায় নিতে হবে। দুর্ঘটনা, প্রত্যেকটা বিল্ডিং শতভাগ ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে। এই খাতে মানবসম্পদ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে, এই খাত থেকে স্কলারশিপ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
১ মার্চ বিমা দিবস: অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছর থেকে ১ মার্চ প্রতিবছর বিমা দিবস পালন করা হবে। তিনি বলেন, বিমার প্রিমিয়াম আদায়কারী মাঠ কর্মীকে সর্বোচ্চ ১৫ শতাংশের বেশি কমিশন দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। যারা এই সিদ্ধান্ত অগ্রাহ্য করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকের কাছ থেকে প্রিমিয়াম নেওয়ার সময় বাড়তি অর্থ আদায় করা যাবে না। যদি কেউ বাড়তি অর্থ আদায় করেন তাহলে তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। বিমা নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ-এর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক:অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভেরিফায়েড ফেসবুক আইডি (A h m Mustafa Kamal) হ্যাক হয়েছে। তাই এটি থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তা কারো কাছে যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে।
