যশোরের অভয়নগরে পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেছে করপোরাল শহিদ নামের এক র্যাব সদস্যের। আহত র্যাব সদস্যকে যশোর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানা সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্ধার করা ৭টি বোমা নিষ্ক্রিয় করার জন্য র্যাব-৬ খুলনার একটি দল রবিবার সকালে থানায় আসে। অফিসিয়াল কার্যক্রম শেষে দুপুরে করপোরাল শহিদ সাতটি বোমা নিয়ে থানা চত্বরে নিষ্ক্রিয় করতে গেলে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের কবজি উড়ে যায়। দলের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে থানার এক কর্মকর্তা জানান, অসাবধানতাবশত বোমাটির বিস্ফোরণ ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ঘটনাটি নিছকই দুর্ঘটনা। আহত করপোরাল শহিদকে দেখতে তিনি যশোরে সিএমএইচে গিয়েছিলেন। তার বাম হাতের কবজি উড়ে গেছে। তবে শারীরিক অবস্থা ভালো আছে।
