মানিকগঞ্জ পৌরসভার নবনির্মিত রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও খুঁটিতে টানা দেওয়া তার রেখেই সড়ক পাকা করা হয়েছে। ফলে উক্ত এলাকায় যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। এছাড়া প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পৌরসভার গাফিলতির কারণে এরকম ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
মানিকগঞ্জ পৌরসভার একটি রাস্তা কাটাখালি থেকে ছিদ্দিকনগর পর্যন্ত ও আরেকটি রায়পাড়া পর্যন্ত পাকা করা হয়।
মাসখানেক পূর্বে সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। বেশিরভাগ কাজ হয়ে গেছে কিছুটা বাকি আছে। এমন অবস্থায় পাকা রাস্তায় এক সারিতে তিনটি বৈদ্যুতিক খুঁটি ও টানার তার রেখেই রাস্তা পাকা করা হয়েছে। খুঁটি এখনো অপসারণ করা হয়নি ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
মানিকগঞ্জ পৌরবাসী জানান, সম্প্রতি সড়ক নির্মাণ করে মানিকগঞ্জ পৌরসভা। সড়কটি দিয়ে পূবদাশড়া ও সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হয়। কিন্তু যান চলাচলের জন্য নির্মিত সড়কটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় মৃনাল চন্দ্র ঘোষ জানান, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকলে যানবাহন চলবে কীভাবে। সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি দ্রুত অপসারণ করা জরুরি। এভাবে থাকলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
রাস্তাটি নির্মাণের সাব-কন্ট্রাকটর জাকির হোসেন জানান, এলাকাবাসী বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন। মেয়র বিদ্যুত্ অফিসে বলেছেন। তাড়াতাড়ি রাস্তা থেকে খুঁটি সরিয়ে নেওয়া হবে বলে বিদ্যুত্ অফিস জানিয়েছে।
মানিকগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, বিদ্যুতের খুঁটির ব্যাপারে বিদ্যুত্ অফিসকে বলা হয়েছে।
