ছাত্রলীগের দুর্নীতি ঢাকতে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করেছে সরকার :রিজভী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের দুর্নীতি ও চাঁদাবাজি ঢাকতেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে। রিজভী বলেন, কাউন্সিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা। সেই কাউন্সিলও আজকে আদালতের মাধ্যমে বন্ধ করে গণতন্ত্রের হত্যাকারীরা গণতন্ত্রের গলায় ছুরি চালিয়েছে। কাউন্সিলে একটা উত্সবের আমেজ তৈরি হয়েছিল। সেই আমেজ সরকার সহ্য করতে পারল না। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রিজভী বলেন, এই সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৫ কোটি টাকার ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের ৪ থেকে ৬ শতাংশ চাঁদা দাবি করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এই চাঁদা দাবিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কবিতর্ক এখন ‘টক অব দ্য কান্ট্রি’।

তিনি বলেন, শেয়ার বাজার, রিজার্ভ, ব্যাংক, বালিশ, পর্দার দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যাবস্থা না নিয়ে কেবল রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি প্রার্থী হাফিজুর রহমান, ফজলুল রহমান খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুর রহমান, শাহ নেওয়াজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।