ইত্তেফাক রিপোর্ট
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল রবিবার ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে ছিল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত উইনি আস্ট্রাপ পিটারসেন। আরও উপস্থিত ছিলেন সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্ড্রেস ওরস্ট্রম ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) গভর্ন্যান্স অ্যান্ড ইন্সটিটিউশনাল অ্যাডভাইজার লুক মুকুভো। টিআইবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রদর্শনীতে ট্রাফিক, প্রশাসন, পাহাড় কাটা, বন্যপ্রাণী শিকার, ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান, নদী দখল, উল্টো পথে গাড়ি চালানো, ঘুষ বাণিজ্য, বিমান বন্দরে স্বর্ণ দুর্নীতি, বিভিন্ন দপ্তরে ফাইল বাণিজ্য, কর ফাঁকি, কৃষিক্ষেত্র দুর্নীতি, কালো টাকা ও প্রশ্নপত্র ফাঁসসহ সমাজের বিভিন্ন দুর্নীতি চিত্র নিয়ে ৬১টি কার্টুন ও ২৩টি আলোকচিত্র স্থান পেয়েছে। কার্টুন এবং আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ সম্মাননাপ্রাপ্ত মোট ৮৪টি আলোকচিত্র নিয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
