ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশের ৯২ ভাগ লোক বিদ্যুত্ পাচ্ছে। শতভাগ জনগণ বিদ্যুতের আওতায় আসবে আগামী বছর। এখন মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ নিশ্চিত করতে আরো সমন্বিতভাবে কাজ করতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী বিদ্যুতের মহাপরিকল্পনা হালনাগাদ করতে হবে।
গতকাল রবিবার রাজধানীতে বিদ্যুত্ ভবনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুত্ খাতের সম্প্রসারণে মহাপরিকল্পনার প্রয়োগ শীর্ষক কর্মশালায় এ ক্ষেত্রের বর্তমান ও ভবিষ্যত্ করণীয় নিয়ে আলোচনা হয়।
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ইলেকট্রিক চার্জিং স্টেশন বাড়াতে হবে। বিদ্যুত্ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, উন্নত বাংলাদেশ গড়তে যে অবকাঠামো লাগবে তার একটি অঙ্গ বিদ্যুত্। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
