যুক্তরাজ্যের ব্লেইনহেইম প্রাসাদ থেকে সোনার তৈরি একটি টয়লেট চুরি হওয়ার দুই দিন পরও খোঁজ পাওয়া যায়নি। একদল চোর শনিবার ভোর রাতের দিকে প্রাসাদের ভেতর ঢুকে ১৮ ক্যারেট সোনার তৈরি টয়লেটটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে। এটি আসলে একটি শিল্পকর্ম। এর নাম রাখা হয়েছে আমেরিকা। ইতালীয় এক শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনীর একটি অংশ ছিল এটি। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এক দল অপরাধী দু’টো গাড়িতে করে এসে টয়লেটটি চুরি করে নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন। এটি এখনো উদ্ধার হওয়া সম্ভব হয়নি। তবে এটি খুঁজে পেতে সর্বাত্মক তদন্ত চালাচ্ছে পুলিশ। -বিবিসি
