শোভন-রাব্বানীর বহিষ্কার প্রমাণ করে দুর্নীতি কী ভয়াবহ আকারে চলছে :ফখরুল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্নীতির দায়ে ছাত্রলীগের সভাপতি শোভন-সম্পাদক রাব্বানীকে বাদ দেওয়ায় প্রমাণিত হয়েছে যে দেশে দুর্নীতি কী ভয়াবহ আকারে চলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা খুশি হয়েছি। একটা দুর্নীতি শুধুমাত্র প্রকাশ হয়েছে। যাতে একটা সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে হয়েছে আওয়ামী লীগের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে। এমন সারাদেশেই চলছে, এতে প্রমাণ হয়েছে যে দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে।’

গতকাল রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

ফখরুল বলেন, ‘একেকটি সংগঠনের গঠনতন্ত্র আছে। ছাত্রলীগের গঠনতন্ত্র সম্পর্কে যতটুকু জানি তাদের সংগঠনের নেত্রী হলেন আওয়ামী লীগের সভানেত্রী। তিনি সাংগঠনিক অভিভাবক। সুতরাং এখানে বহিষ্কারের কী বিধান আছে সেটা আমার জানা নেই। তবে সাংগঠনিক নেত্রী হিসেবে তিনি ব্যবস্থা নিতে পারেন। পদত্যাগ করতে বলেছেন, তারা পদত্যাগ করেছেন, এখানে জটিলতার কিছু নেই।’