চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিহত মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন শেষে গার্ড অফ অনার দেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধার দাফন শেষে পুলিশ পৌঁছে গার্ড অফ অনার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুক্তিযোদ্ধারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ওসির এমন আচরণের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা সোমবার উপজেলার বিনোদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
এর আগে শনিবার ভোর ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রায় ২ মাস চিকিৎসাধীন অবস্থায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মৃত পায়গাম আলীর ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মুক্তিযোদ্ধা বাহারাম আলী (৭৬) ইন্তেকাল করেন। শনিবার সন্ধ্যা ৭টায় মরহুমের জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সকাল সাড়ে ৮টার দিকে নিহতের সহযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাহিত্য ও সাংস্কৃতিক কমান্ডার মশিউর রহমান বাচ্চু শিবগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানায়। জবাবে ওসি সিকদার মশিউর বলেন সন্ধ্যার পর গার্ড অফ অনার দেওয়া হয় না বলে সাবেক সহকারী সাংগঠনিক কমান্ডার তোরিকুল আলমকে জানান।
ওসির এমন মন্তব্যে হতাশ হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়। এক পর্যায়ে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন ইউএনও। পরে পুলিশ সুপার আশ্বস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে জানিয়ে দেওয়া হবে বলে জানান। অবশেষে সন্ধ্যার পর সেনা সদস্যরা গার্ড অফ অর্নার প্রদান করেন।
জানাজার আগে তোরিকুল আলম পুনরায় ওসি-এসপিকে পুলিশ সদস্য না পৌঁছানোর বিষয়টি জানান। পরে জানাজা ও দাফন শেষে পুলিশ পৌঁছে গার্ড অব অনার দেয়।
গার্ড অফ অনার না দেওয়ায় চরম ক্ষোভ দানা বাধে মুক্তিযোদ্ধাদের মাঝে। এদিকে মরহুমের জানাজার আগে দূরদূরান্ত থেকে নিহতের স্বজন, প্রিয়জন, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহযোদ্ধাদের সঙ্গে উপস্থিত হন ইউএনও চৌধুরী রওশন ইসলাম। জানাজা পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন ইউএনও। জানাজা ও সেনা সদস্যদের গার্ড অফ অর্নার এবং তোপধ্বনি শেষে নিহত মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে অনেক পরে পুলিশ পৌঁছে গার্ড অফ অনার প্রদান করে।
আরও পড়ুন: খালুর ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
মুক্তিযোদ্ধা মসিউর রহমান ও তোরিকুল আলম জানান, ওসির প্রথম কথা (সন্ধ্যার পরে গার্ড অফ অর্নার না দেওয়ার), বিলম্বে পুলিশ পৌঁছে দাফন শেষে গার্ড অফ অর্নার দেওয়ার বিষয়ে সকল মুক্তিযোদ্ধা মনে মারাত্মক কষ্ট পেয়েছেন। এরই প্রতিবাদে সোমবার বিনোদপুরে মুক্তিযোদ্ধাদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করবেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
