স্পোর্টস ডেস্ক
চেলসির মাঠে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম হারের বিস্বাদ নিল শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লিভারপুল। পড়শিদের হারের বিপরীতে লিগ মৌসুমের প্রথম বড় জয়ের মুখ দেখল হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।
গত শনিবারের খেলাগুলোয় সবার নজর ছিল স্টামফোর্ড ব্রিজের দিকে। সেখানে এনগোলা কান্তে ও ডেভিড লুইজের গোলে ২-০ ব্যবধানে হারায় সিটিকে। চেলসি কোচ মাউরিজিও সারি বলেন, ‘আমি জয়টির জন্য খুবই আনন্দিত। কারণ পেপ গার্দিওলা কিংবা ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে জয় খুব সহজ নয়।’
সিটির হারে পোয়াবারো হয় লিভারপুলের। কেননা দিনের শুরুতে মোহামেদ সালাহ’র হ্যাটট্রিকে কোচ য়ুর্গেন ক্লপের দল ৪-০ গোলে হারায় বোর্নমাউথকে। এ জয় ও সিটির হারে লিভারপুল এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে আসে।
সাম্প্রতিক সময়ে সিটি দোর্দণ্ড প্রতাপে খেলছিল। প্রিমিয়ার লিগে শেষ সাত খেলাতেই জয়ী হয়েছিল দলটি। এদিনও শুরু করেছিল প্রতাপের সঙ্গে। বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু সার্জিও অ্যাগুয়েরোর অনুপস্থিতিতে রাহিম স্টার্লিং ও লেরয় সেন শুরুর দিকে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।
গার্দিওলা এ প্রসঙ্গে বলেন, ‘চেলসি ভালো একটা দল। ভালো খেলোয়াড় আছে তাদের। কিন্তু প্রথমার্ধে এটা ছিল অপ্রতিরোধ্য, আমরা ছিলাম ব্যতিক্রমী। সাধারণভাবে আমরা ছিলাম দারুণ। আমার কোনো দুঃখ নেই। আমরা এসেছিলাম এবং জেতার আকাঙ্ক্ষাটা দেখিয়েছিলাম। আমরা সুযোগও পেয়েছিলাম। তারা ৪৪ মিনিটে কেবল একটি সুযোগ পেয়েছিল। কিন্তু আমরা একটা গোল হজমে বাধ্য হই। কখনো কখনো এমনটাই ঘটে।’
বিরতির প্রাক্কালে চেলসি খুব কম সময়েই সিটির অর্ধে যেতে পেরেছিল। এরপর এডেন হ্যাজার্ডের জোগান থেকে কান্তে বল জড়িয়ে দিলে বাকি সময় সমানে সমানে লড়ে ইতালিয়ান কোচ সারির দল। শেষ বাঁশির ১২ মিনিট আগে হ্যাজার্ডের কর্নারে মাথা ছুঁইয়ে লুইজ দলের কষ্ট কল্পিত জয়টি নিশ্চিত করে দেন।
কোচ সারি জয় সম্পর্কে আরও বলেন, ‘আজ আমরা খুবই উঁচু মানে প্রয়োগ ক্ষমতা, একাগ্রতা ও আগ্রাসি মনোভাব দেখিয়েছি।’
এদিকে সালাহ আবারো তার সেরা নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছেন। গত মৌসুমে ৪৪ গোল করা এই মিসরীয়কে আগের খেলায় বিশ্রামে রেখেছিলেন কোচ ক্লপ। তারই সুফল পায় লিভারপুল। কোচ ক্লপ পরে সালাহ’র দ্বিতীয়ার্ধে দুটি গোলের ভূয়সী প্রশংসা করেন।
বড় জয়ে খুশি মরিনহোও। টানা চার খেলায় জয়হীন ছিল ইউনাইটেড। এরপর এলো ফুলহ্যামের বিরুদ্ধে ৪-১ গোলের জয়টি। যদিও বিপক্ষ ছিল পয়েন্ট টেবিলের সর্বনিম্ন দল। তারপরও আনন্দিত মরিনহো বলেন, ‘আমরা ছিলাম শক্তিশালী, আগ্রাসী ও নিবিড়। কখনো কখনো এটা ছিল সুন্দর ফুটবলও। প্রথমার্ধ ছিল যথার্থ।’ এ জয়ে ম্যান ইউ ষষ্ঠ স্থানে উঠে আসে।
