ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট
জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
ঢাকার প্রথম পর্বের লড়াই শেষ। এবার ত্রিদেশীয় সিরিজ গড়াচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যার শুরুটা হবে আগামীকাল বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল সোমবার বিকালে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। দলগুলোকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হয় হোটেল রেডিসন ব্লুতে।
বাংলাদেশ-আফগানিস্তান দল গতকাল পৌঁছল, আগের দিন চট্টগ্রামে পৌঁছে জিম্বাবুয়ে দল। তারা গতকাল বিকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে প্রস্তুতি সেরেছেন।
আজ মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে আফগানিস্তান ও জিম্বাবুয়ে দল এবং বিকালে বাংলাদেশ দল অনুশীলন করবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রস্তুতিতে ঘাম ঝরাবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। আর বাংলাদেশের অনুশীলন শুরু হবে বিকাল সাড়ে ৩টায়, চলবে সাড়ে ৭টা পর্যন্ত। পরদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের চতুর্থ ও নিজেদের তৃতীয় মাচে হ্যামিল্টন মাসাকাদজাদের মুখোমুখি হবে সাকিব আল হাসান ও তার দল।
আগামী বৃহস্পতিবার কোনো ম্যাচ নেই। ঐদিন বাংলাদেশ দল বিশ্রামে থাকবে। তবে অনুশীলনে ব্যস্ত সময় কাটাবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শুক্রবার বিশ্রামে থাকবে ডমিঙ্গোর শিষ্যরা। কিন্তু ঐ দিন সন্ধ্যায় জিম্বাবুয়ের মোকাবিলা করবে আফগানিস্তান। পরদিন শনিবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানদের মোকাবিলা করবে স্বাগতিকরা। আর এর মধ্যদিয়েই শেষ হবে ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্ব।
চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরবে আবার তিন দল। ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন জাতির টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
ইতিমধ্যে টুর্নামেন্টে দুই ম্যাচ জিতে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে আছে আফগানিস্তান দল। বাংলাদেশের দুই ম্যাচে জুটেছে এক জয়। কিন্তু জিম্বাবুয়ে এখনো জয়ের দেখা পায়নি। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে হেরে গেলেই ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে জিম্বাবুয়ের। বিপরীতে এ ম্যাচে বাংলাদেশ জিতলে আফগানিস্তান ও বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে ফেলবে।
