স্পোর্টস রিপোর্টার
নেপালের কাঠমান্ডুতে আগামী ১-১০ ডিসেম্বর সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ক্রীড়াবিদরা এরই মধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন। ২৩ ডিসিপ্লিনে প্রশিক্ষণ চলছিল। কিন্তু গত কয়েক দিন আগে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ১৩৮ প্রশিক্ষণার্থীকে বিদায় করে দিয়েছে। অর্থ সাশ্রয় করতে এমনটা করা হয়েছে বলে জানা গেছে। এখন চূড়ান্ত বাছাই শুরু হয়নি তার আগেই কেন ক্রীড়াবিদ ছেঁটে ফেলা হলো সেই প্রশ্নে বিওএর প্রশিক্ষণ কর্মকর্তা এ কে সরকার জানিয়েছেন ঠিক খরচ কমাতে নয়, এখানে আবাসিক সমস্যা রয়েছে। তিনি বলেন, ‘আবাসিক সমস্যা ছাড়াও অনেকেই একেবারে নতুন নতুন মুখ নিয়ে ক্যাম্পে তোলেন। এভাবে সংখ্যা বাড়িয়ে তো কোনো লাভ নেই।’ এই কর্মকর্তা জানিয়েছেন বিওএ আগেই ফেডারেশনগুলোকে বলেছিল সেপ্টেম্বরে প্রশিক্ষনার্থীদের সংখ্যাটা কমিয়ে আনতে হবে। সেভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কে সরকার বলেন, ‘অক্টোবরে আবার ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করে ক্রীড়াবিদদের সংখ্যা নির্ধারণ করা হবে।’ প্রশিক্ষণ ক্যাম্পে এখন ছেলেমেয়ে মিলে ৫৩০ ক্রীড়াবিদ রয়েছে।
১১টি খেলার জন্য বিদেশি কোচ আনার কথা বলা হয়েছে। বিওএ হতে কিছু সহযোগিতা করা হবে। অনেকেই বিদেশি কোচের দিকে ঝুঁকছেন। আবার অনেক খেলায় অনেক আগে থেকে বিদেশি কোচ প্রশিক্ষণ দিচ্ছেন। বাস্কেটবলে ইউরোপিয়ান কোচ এসেছেন। সাধারণ সম্পাদক এ কে সরকার জানিয়েছেন, ফ্যাবিও নামের একজন কোচ ১৫ দিনের জন্য এসেছেন। নভেম্বরে আবার আসবেন তিনি।
