মানসিকতাকেই দুষছেন কোচ এমেরি
স্পোর্টস ডেস্ক
আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে রবিবার ২-২ গোলে ড্র করেছে। শুরুতে ২ গোলে এগিয়ে গিয়েও একসময় হারের শঙ্কা জেগে উঠেছিল গুনার শিবিরে। একে দ্বিতীয়ার্ধে বাজে খেলার ফল হিসেবেই দেখছেন মিডফিল্ডার গ্রানিট শাকা এবং দলটির কোচ উনাই এমেরি।
ম্যাচে বিরতির আগেই মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করেন ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আবামেয়াং। ফলে অবনমন অঞ্চলের দলটির বিপক্ষে সহজ জয়ই পেতে যাচ্ছে আর্সেনাল, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার টম ক্লেভারলি ও আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো ম্যাক্সিমিলানো পেরেইরার লক্ষ্যভেদে ড্র নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ওয়াটফোর্ড।
অধিনায়ক শাকা দ্বিতীয়ার্ধে বাজে খেলার কথাটি শিকার করে জানান, ২ গোলে পিছিয়ে পড়ার পর ওয়াটফোর্ডের পারফরম্যান্সে ভীত হয়ে পড়েছিল দলটি। সুইস মিডফিল্ডারের ভাষ্য, ‘বিরতি থেকে ফিরে এসে আমরা বাজে খেলা খেলেছি। এ কারণে একটি পয়েন্ট অর্জন করতে পেরেই আমরা খুশি হয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা ভীত হয়ে পড়েছিলাম। জানতাম, তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই আমাদের ভয় না পেয়ে মনোবল আরো শক্ত রাখা দরকার ছিল। এটি নিয়ে আমরা কথাও বলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা সেই অনুযায়ী পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছি।’
এদিকে দলটির কোচ উনাই এমেরি জানান, মোক্ষম সময়েই স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিল তার দল। স্প্যানিশ কোচের ভাষায়, ‘তারা আমাদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। সেই সঙ্গে আমাদের বাধ্য করেছে ভুল করতে। এভাবে প্রথম গোলটি পরিশোধ করতে পেরে নিজেদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায় স্বাগতিকদের। অথচ ঐ সময়েই আমাদের শান্ত ও সংযম থাকা উচিত ছিল।’
অবশ্য গ্রানিট শাকার দলের ভয় পাওয়ার বক্তব্যটি উড়িয়ে দিয়ে সাবেক পিএসজি কোচ বলেছেন, এটি কেবলই তার ব্যক্তিগত অনুভূতি। আর্সেনাল কোচ বলেন, ‘হতে পারে এটি তার (জাকা) ব্যক্তিগত অনুভূতি। কিন্তু ফুটবলে আপনি কখনো ভয় পেতে পারেন না। বরং ঐ মুহূর্তে আপনাকে আরো সাবলীল হতে হবে। আমাদের এখন শক্তিশালী মানসিকতার দরকার।’
ম্যাচটিতে জয় পেলে টটেনহ্যামকে টপকে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে চলে যেতে পারত আর্সেনাল। সেটা না হওয়ায় গানাররা এখন অবস্থান তালিকার সপ্তম স্থানে। এদিকে পাঁচ ম্যাচের সব কটিতেই জয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে গেল মৌসুমের রানার্সআপ লিভারপুল। পরের অবস্থানে আছে বর্তমান চ্যামিপয়ন ম্যানচেস্টার সিটি। বাসস
