সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে ভুক্তভোগীদের মানববন্ধন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় রবিবার বিকালে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। পরে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

পৌরশহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলীর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত সড়কের পাশে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় আবুল মনসুর সাব মিয়া, শামছুল ইসলাম, আব্দুস সালাম, বেলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, এলজিইডির প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের পিচ উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘ এক যুগ ধরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সড়কের করুণদশার ফলে লোকজন এখন যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঐ এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ছে। এলজিইডির জগন্নাথপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী আমির হোসেন জানান, ইতিমধ্যে সড়কটি সংস্কারে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে দেরি হয়েছে। তবে শিগগিরই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।