এমপি নিক্সন চৌধুরী
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নত রাষ্ট্র, শিক্ষিত জনগণ ও শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। বর্তমান শেখ হাসিনার সরকার তাই শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার আগামী বছর থেকে প্রাইমারির প্রত্যেক ছাত্রছাত্রীকে পোশাক কেনার জন্য নতুন বইয়ের সঙ্গে ২ হাজার করে টাকা দেবে ও দুপুরে টিফিন দেওয়া হবে। গতকাল সোমবার দুপুরে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
