সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

 ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

ভ্রাম্যমাণ প্রতিনিধি অভিবাসন প্রক্রিয়া সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে ঝিনাইদহে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এক কিলোমিটার রাস্তায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা কারিতাস মুক্তি-২ প্রকল্পের উদ্যোগে উত্তর সাকুচিয়া ইউনিয়নের কামালপুর সাইক্লোন শেল্টার সংযোগ সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তার দুই পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। কারিতাস মুক্তি-২ প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোপিনাথ দাস।

ডামুড্যা বন্দরে মার্কেটে অগ্নিকাণ্ড

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা বন্দরে হাওলাদার মার্কেটে রবিবার রাতে আইপিএস গরম হয়ে আগুন ধরে যায়। আগুনে রিস্থি ফ্যাশনের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী মুন্সি সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, সময়মতো ফায়ার সার্ভিসের লোকেরা উপস্থিত না হলে হাওলাদার মার্কেট ও মুন্সি সুপার মার্কেট পুড়ে বিপুল ক্ষতি হতো।

অসহায় নারীদের অর্থনৈতিক উন্নয়নে অবহিতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি সুন্দরবন সাতক্ষীরা অঞ্চলের বাঘবিধবা ও অসহায় নারীদের অর্থনৈতিক উন্নয়নে অভাবনীয় উদ্যোগ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে সোমবার শ্যামনগর উপজেলা ডিজিটাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ।

কেরম, দড়ি লাফ ও মোরগ লড়াই প্রতিযোগিতা 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে সোমবার দাবা, কেরম, দড়ি লাফ ও মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণে বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ কর্মসূচির আয়োজন করে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও অ্যাসিড সন্ত্রাসের বিরোধী কর্মসূচির সহযোগিতায় এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সাহানাজ, পীরগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।

আইনশৃঙ্খলার মাসিক সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে তার অফিস কক্ষে আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সভার সদস্য সচিব থানার ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন প্রমুখ।

আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণ

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। রবিবার বিকেলে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক এ এইচ এম মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির উল্লাহ প্রমুখ।

সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সভা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে সোমবার উপজেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ।

 

 

০