ট্রাম্পকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ কিমের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন। গত আগস্টে ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জুনগ্যাং ইলবো পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কিম তার চিঠিতে ফের বৈঠকের জন্য তার আগ্রহের কথা জানিয়েছেন। সেসময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্প এই চিঠির উত্তরে বলেছেন, তিনি কিমের কাছ থেকে একটি ‘সুন্দর চিঠি’ পেয়েছেন। তবে মার্কিন কর্মকর্তারা তার এই চিঠির ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানাননি। মূলত কোরীয় দ্বীপে নিরস্ত্রীকরণের আলোচনা বাতিল হয়ে যাওয়ার পর উত্তর কোরিয়া তখন একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। আর সেসময়েই ট্রাম্পকে এই চিঠি দেন উত্তর কোরীয় নেতা। গত বছর জুন থেকে ট্রাম্প-কিম তিনবার বৈঠক হয়েছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়। কিন্তু আলোচনায় তেমন কোনো সফলতা আসেনি। তাদের প্রথম দুই বৈঠক ছিল অনেকটা আনুষ্ঠানিক ও রীতি-নীতির মধ্যে সীমাবদ্ধ। দ্বিতীয় বৈঠকটি গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের ফলাফল তেমন একটা আশাব্যঞ্জক হয়নি। বলা যেতে পারে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞার খড়গ তুলে নেওয়ার বিনিময়ে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার জন্য বলা হয় পিয়ংইয়ংকে। কিন্তু শেষ পর্যন্ত সে আলোচনা অনেকটা শূন্য ফল নিয়ে আসে। আর স্বার্থকতা এটুকু সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের একটা নতুন পথ তৈরি হয়। এরপর জুনের ৩০ তারিখে তৃতীয়বার তাদের মাঝে বৈঠক হয়। দুই কোরিয়ার বেসামরিকীকরণ অঞ্চলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারা উভয়েই এ সংকট সমাধানের বিষয়ে একমত হন। কিন্তু পরবর্তীকালে এ নিয়ে আর কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। আর এই জুনের পর থেকেই উত্তর কোরিয়া একের পর তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যেতে থাকে। এতে করে দুই দেশের মধ্যে যে সংলাপের মাধ্যমে যতটুকু পথ অগ্রসর হয়েছিল তাও একপর্যায়ে এসে থমকে দাঁড়ায়।