পুঁজিবাজার নজরদারিতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

সূচকে ইতিবাচক প্রবণতা

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারের অনিয়ম তদারকিতে বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) অধীনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। ‘ইন্টারনাল অডিট কমিটি’ নামে এ কমিটি বাজারে কোম্পানির শেয়ারে কোনো ধরনের অনিয়ম কিংবা কারসাজি হচ্ছে কি না তা খতিয়ে দেখতে কাজ করবে। বিশেষত কোম্পানিগুলো যাতে সঠিক দর পায় এবং কোনো শেয়ারের দাম যাতে অতিমূল্যায়িত না হয়, সেদিকে নজর রাখা এবং শেয়ারবাজারে তালিক্তাভুক্ত যেসব কোম্পানি আছে, তাদের সার্বিক কার্যক্রম সারাবছর পর্যবেক্ষণ করবে। ঐ কোম্পানি অপারেশনে আছে কি না, না কি বন্ধ হয়ে গেছে, সেগুলোর স্বাস্থ্য কতটুকু ভালো, সেসব বিষয় ও তদারক করবে কমিটি।

গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ে আয়োজিত সংশ্লিষ্ট পক্ষগুলোর মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভায় কোম্পানিগুলোর সঠিক দর পাওয়া, তালিকাভুক্তির সময় অতিমূল্যায়িত হওয়ার ফলে বাজারে লেনদেন শুরু হওয়ার পর শেয়ারের দর কমে যাওয়ার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় বাজারে ভালো শেয়ারের অভাব এবং কিছু ক্ষেত্রে অনিয়মের বিষয়েও আলোচনা হয়। এ সব আলোচনার পর ঐ কমিটি গঠনের সিদ্ধান্ত জানান অর্থমন্ত্রী।

এ সময় অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে যেসব কোম্পানির শেয়ার লাফিয়ে লাফিয়ে ওপরে উঠে, তাদের আমরা ক্ষমা করব না। এছাড়া সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বাজার উন্নয়নে প্রয়োজনে কর সংক্রান্ত আরো প্রণোদনা দেওয়ার কথা জানান।

সূচকে ইতিবাচক প্রবণতা

সপ্তাহের প্রথম কার্যদিবসের ন্যায় গতকাল সোমবার দ্বিতীয় কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। তবে সূচক এখনো ৫ হাজার পয়েন্টের সীমা অতিক্রম করতে পারেনি। সর্বশেষ গতকালের লেনদেন শেষে সূচক ৪ হাজার ৯৫৯ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্প্রতি পুঁজিবারে ক্রমাগত দরপতন ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। সূত্র জানিয়েছে, গতকালের বৈঠকের তথ্য বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। এ কারণে গতকাল সূচকে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।

গতকাল ডিএসইতে ৩৫৩টি কোম্পানির ৯ কোটি ৫ লাখ ১৫ হাজার ৫২৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—মুন্নু স্টাফলার, ন্যাশনাল টিউবস, স্টাইল ক্র্যাফট, মুন্নু সিরামিকস, বীকন ফার্মা, বিএসসিসিএল, জেএমআই সিরিঞ্জ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লিগেসী ফুটওয়্যার ও ভিএফএস থ্রেড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—জিকিউ বলপেন, কাশেম ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড, জেমিনী সী ফুড, স্টাইল ক্র্যাফট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্ট্যান্ডার্ন্ড সিরামিকস, মুন্নু স্টাফলার ও এমএল ডাইং।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, উসমানিয়া গ্লাস, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, কনটিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এটলাস বাংলা ও প্রিমিয়ার ইন্স্যুরেন্স।