ঋণ প্রদানে ঝুঁকি ব্যবস্থাপায় গুরুত্ব দেওয়ার তাগিদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

ঋণ প্রদানে যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনার ঘাটতির ব্যাংকগুলোকে সমস্যায় ফেলছে। এ সমস্যা থেকে উত্তরণে ঋণ প্রদানে ঝুঁকি খুঁজে বের করা ও এর ভিত্তিতে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনাই যথাযথ ব্যাংকিংসেবা নিশ্চিত করতে পারে। এজন্য ঝুঁকির সংস্কৃতি অনুধাবন, সুশাসন নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে আলাদাভাবে গাইডলাইন তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে এক গবেষণা কর্মশালায় তারা এসব কথা বলেন। বিআইবিএম আয়োজিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। এতে ব্যাংকিং খাত বিষয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন।

এস এম মনিরুজ্জামান বলেন, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কার্যকর ঝুঁকিব্যবস্থাপনার দিক বিবেচনায় ঝুঁকিব্যবস্থাপনা বিভাগ (আরএমডি) খুলেছে। বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি (বিআরএমসি), নির্বাহী ঝুঁকিব্যবস্থাপনা কমিটি (ইআরএমসি) এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) এরই মধ্যে কাজ করেছে। 

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআইবিএম-এর সুপারনিউমারারি অধ্যাপক এবং  পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী,  বিআইবিএম-এর সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি, বিআইবিএম-এর অধ্যাপক এবং পরিচালক  ড. শাহ মো. আহসান হাবীব, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুখ মাঈনুদ্দিন আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএম-এর  ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা।