হত্যা মামলায় তিন সহোদরসহ ১০ জনের যাবজ্জীবন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামে মানিক নামের এক জনকে হত্যার দায়ে একই গ্রামের পিতা-পুত্র ও তিন সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম গতকাল সোমবার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে এই মামলার অপর ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো—রহমত আলী ও তার পুত্র মামুন, লোকমান ও তার পুত্র আলমগীর, তিন সহোদর  বাদল, সুজন ও নয়ন, মানিক, মিজান ও গিয়াসউদ্দিন।

মামলার বিবরণে প্রকাশ, পালইকান্দা গ্রামের মো. খাইরুল ইসলাম ও তার চাচা আঃ রশিদ মাস্টারের সঙ্গে আসামি পক্ষের লোকজনের জমি-জমা নিয়ে পূর্ববিরোধ ছিল। ২০১১ সালের ৬ আগস্ট আসামি পক্ষের লোকজন বিবদমান জমিতে প্রবেশ করলে বাদী পক্ষের লোকজনদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি ও একপর্যায়ে আসামিরা দা, লাঠি, বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে বল্লমবিদ্ধ হয়ে মানিক ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই মো. খাইরুল ইসলাম বাদী হয়ে ২৭ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ২৬ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হয়। মামলার বিচার চলাকালে তিন জন আসামি মারা যান।