সরকারি অর্থ লোপাট মামলায় চার ঠিকাদার কারাগারে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

খুলনা অফিস

সাতক্ষীরা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা-যন্ত্রপাতি ক্রয়ের নামে সরকারি অর্থ লোপাটের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির কর্ণধার জাহের উদ্দিন সরকারসহ চার ঠিকাদারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার নথিপত্র সাতক্ষীরা জেলা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য জানান।

জামিন নামঞ্জুর হওয়া অন্যরা হলেন—ঠিকাদার জাহের উদ্দিনের বাবা হাজি আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক।