ইয়াবা ব্যবসায়ী দুই বোনসহ গ্রেফতার ছয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

মুগদা ও মতিঝিলে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—রেখা, তার ছোটো বোন বীথি, বিল্পব রৌদ্র, জয়নাল মিয়া, চালক মুরাদ মিয়া ও শিহাব উদ্দিন। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহূত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার দুপুর ও রবিবার রাতে ধলপুরের সিটি পল্লি ও মতিঝিল থানার ১৪ নম্বর ইনার সার্কুলার রোডে এই অভিযান চালায় পুলিশ। মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, সোমবার দুপুরে মুগদা থানার সিটি পল্লি এলাকা দিয়ে দুই বোন রেখা ও বীথি হেঁটে যাচ্ছিলেন। এসময় পুলিশের টহল টিম তাদেরকে আটক করে তল্লাশি চালায়। তাদের দুই জনের ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মদিনাবাগের বাড়ি থেকে আরো ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। রবিবার রাত ৮টার দিকে মতিঝিল থানার ১৪ নম্বর ইনার সার্কুলার রোডে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিএমপির উত্তর গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন—বিপ্লব রৌদ্র, জয়নাল মিয়া, চালক মুরাদ মিয়া ও শিহাব উদ্দিন। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহূত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।